
সিলেট টেস্ট৩৫৬ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬

হাসান মাহমুদ। ছবি: বিসিবি
সিলেট টেস্টে বল হাতে নিজের সামর্থ্যের আরেকটি প্রমাণ দিলেন হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে নতুন কীর্তি গড়েছেন তিনি। দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেট পেলেন ডানহাতি এই পেসার।
দ্বিতীয় দিনের সকালে নতুন বল হাতে নিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে ধস নামান হাসান। একে একে ফিরিয়েছেন আমির জাঙ্গু, রোস্টন চেজ, জশুয়া বিশপ, জাস্টিন গ্রিভসকে। এর মধ্যে জাঙ্গু ও গ্রিভসকে বোল্ড করেন তিনি। গ্রিভসকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান।
১৯ টেস্টের ক্যারিয়ারে এটি তার পঞ্চম ফাইফার। এর আগে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষেও পাঁচ উইকেট পেয়েছেন তিনি।
এই কীর্তিতে বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ফাইফারের মালিক এখন হাসান। চারবার পাঁচ উইকেট নেয়া শাহাদাত হোসেনকে ছাড়িয়ে গেছেন তিনি।