
লিটন-মিরাজের জুটিতে বাংলাদেশের বিশাল লিড
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৫:২৪

সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। ছবি: এসিবি
চতুর্থ দিন লাঞ্চ ব্রেক থেকে ফেরার কিছুক্ষণ পরই তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললেন লিটন দাস। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়ে অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না। মোহাম্মদ সালেমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিতেই ইনিংসের ইতি। জয়ের জন্য পর্যাপ্ত স্কোর ও হাতে সময় রেখেই ইনিংস ঘোষণা করলেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।
সোমবার (১২ অক্টোবর) দ্বিতীয় সেশনে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪৭৮ রানের লিড পেয়েছে, অর্থাৎ জয়ের জন্য আফগানিস্তানকে করতে হবে ৪৭৯ রান। এই টেস্ট জিততে হলে টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে রান তাড়ায় জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের। ২০০৩ সালে অ্যান্টিগায় চতুর্থ ইনিংসে ৪১৮ রান করে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এটিই টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
আগের দিন ৬ উইকেটে ২২৩ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল টাইগাররা।
আজ (১২ অক্টোবর) সকালে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ আফগান বোলারদের রীতিমতো শাসন করেছেন। আফগানদের বাজে ফিল্ডিংও বাংলাদেশকে বড় স্কোর গড়তে সাহায্য করেছে।
সপ্তম উইকেট জুটিতে ১৪৯ রান যোগ করেন লিটন-মিরাজ। ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন লিটন, মিরাজও ১১তম অর্ধশতকের দেখা পান।
সেঞ্চুরির পর লিটন আর ইনিংস লম্বা করতে পারেননি। ১১৭ বলে ১৪ চারে ১০২ রান করে মোহাম্মদ সালেমের বলে আউট হন তিনি। মিরাজ ৯৭ বলে ৫ চারে ৫২ রানে অপরাজিত থাকেন।
এর আগে গতকাল অধিনায়ক শান্ত এবং মুশফিকুর রহিম বড় সংগ্রহের ভিত গড়ে দেন। শান্ত ৮২ এবং মুশফিক ৮১ রান করেন।
আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ সালেম ইয়ামিন আহমদজাই ও জিয়া-উর রহমান ২টি করে উইকেট শিকার করেন। কাইস আহমদের ঝুলিতে যায় ১টি উইকেট।