
এক সেশনে ৭ উইকেট হারিয়ে ২৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ৯:৫০

সেঞ্চুরির দেখা পেলেন সাদমান ইসলাম। ছবি: এএফপি
একটি রানের অপেক্ষা নিয়ে পুরো রাত কাটিয়ে দিয়েছেন সাদমান ইসলাম। তবে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আর অপেক্ষা করতে হলো না এই ওপেনারকে। দিনের দ্বিতীয় বলেই দৌড়ে ২ রান নিয়ে পৌঁছে গেলেন ম্যাজিক ফিগারে। টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো তিন অঙ্কের রানের দেখা পেলেন এই বাঁহাতি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করছে বাংলাদেশ। সকালের সেশনের দ্বিতীয় বলেই সেঞ্চুরি পূর্ণ করেছেন সাদমান ইসলাম। বিশপের বলে ডাবলস নিয়ে আকাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
গতকাল আলোকস্বল্পতার কারণে নির্ধারিত ওভারের চেয়ে কম খেলা মাঠে গড়িয়েছে। দ্বিতীয় দফায় খেলা বন্ধ হলে দিনের খেলার ইতি ঘোষণা করা হয়। তখন ৯৯ রানে ব্যাট করছিলেন সাদমান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) সাদমানের প্রথম সেঞ্চুরি। তার আগের দুই সেঞ্চুরিতে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, যেই ম্যাচগুলো ডব্লিউটিসির অংশ ছিল না।
সেঞ্চুরির আগে সময়টা ভালো কাটছিল না সাদমানের। ১৭ ইনিংস পর পেলেন সেঞ্চুরির দেখা। এর আগে ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
সেঞ্চুরির পর অবশ্য সাদমান বেশিক্ষণ আর উইকেটে টেকেননি। বিশপের ফিরতি ওভারে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন। আউট হওয়ার আগে ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করেন এই বাঁহাতি।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৭৭ ওভারে ৪ উইকেটে ২২১। লিটন দাস ১২ রানে ব্যাট করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন আগের দিন চোট পেয়ে মাঠ ছাড়া তাওহীদ হৃদয়। তিনি অপরাজিত ৪২ রানে।