
আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব: বরুণার পীর

মসজিদে নববী
পবিত্র মদিনার মসজিদে নববীতে নারীদের জন্য সরাসরি ইসলামি আলোচনা ও দ্বীনি দরস শোনার সুযোগ রয়েছে। পুরুষদের অংশে আলেমদের দেওয়া এসব দরস নারীদের নির্দিষ্ট কিছু স্থান থেকেও শোনা যায়। তবে নারীরা সাধারণত সরাসরি শায়খদের দেখতে পান না; কাঠের নকশা করা প্রতিবন্ধকের আড়াল থেকে তাঁদের বক্তব্য শুনতে পারেন।
সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে ইসলামবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইসলামিক ইনফরমেশন’। এতে মসজিদে নববীর পূর্ব ও পশ্চিম সম্প্রসারিত অংশে নারীদের দরস শোনার নির্দিষ্ট স্থান, প্রবেশপথ ও সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মসজিদে নববীর পূর্ব সম্প্রসারিত অংশে নারীদের জন্য ২৬ ও ২৪ নম্বর প্রবেশপথ দিয়ে দরস শোনার স্থানে যাওয়া যায়। ২৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে প্রত্যাহারযোগ্য গম্বুজের কাছাকাছি পূর্ব দেয়ালসংলগ্ন স্থানে অবস্থান করতে হবে। অন্যদিকে ২৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে তির্যকভাবে এগিয়ে বাদামি রঙের কাঠের নকশা করা প্রতিবন্ধকের কাছে গেলে দরসের আওয়াজ শোনা যায়।
পশ্চিম সম্প্রসারিত অংশেও নারীদের জন্য দুটি প্রবেশপথের কথা উল্লেখ করা হয়েছে। ১৭ নম্বর গেট দিয়ে প্রবেশ করে সামনের প্রথম প্রত্যাহারযোগ্য গম্বুজের বাম পাশে অবস্থান করতে হবে। আর ১৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে সোজা সামনে এগিয়ে কাঠের নকশা করা প্রতিবন্ধকের কাছে গেলে দরস শোনা সম্ভব।
প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত ফজর, আসর ও মাগরিবের নামাজের পর এসব দরস অনুষ্ঠিত হতে পারে। যেসব আলেমের দরস নারীদের অংশ থেকে শোনা যায়, তাঁদের মধ্যে রয়েছেন শায়খ আবদুর রাজ্জাক আল বদর, শায়খ সুলাইমান আর রুহাইলি, শায়খ আবদুল্লাহ জাহিম, শায়খ হাসান বুখারি ও শায়খ আবদুল লতিফ আশ শাম্মানি। এ ছাড়া হারামাইন শরিফাইনের ইমামদের আলোচনাও শোনার সুযোগ রয়েছে। তাঁদের মধ্যে শায়খ আবদুর রহমান আস সুদাইসের নাম উল্লেখ করা হয়েছে।
তবে দরসের সময়সূচি ও স্থান পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই নির্দিষ্ট কোনো দরসে অংশ নিতে চাইলে মসজিদে নববীর দায়িত্বশীলদের কাছ থেকে হালনাগাদ তথ্য জেনে নেওয়া ভালো।
উল্লেখ্য, নারীদের অংশ থেকে আলেমদের দেখা না গেলেও তাদের বক্তব্য শোনার ব্যবস্থা রয়েছে। ফলে মসজিদে নববীতে অবস্থানকালে নারীরাও ইসলামি জ্ঞান অর্জনের এ সুযোগ গ্রহণ করতে পারেন।