
দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রেরণা: এলজিআরডি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৮:৫৯

রাজারবাগ বরদেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শনকালে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। বাংলাদেশ এ দেশের প্রতিটি নাগরিকের।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর রাজারবাগ বরদেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণের কোনো বিভেদ ছিল না। সবার লক্ষ্য ছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা। ২৪-পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশেও সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজনের সুযোগ নেই। বিএনপি ঐক্য, সম্প্রীতি, সাম্য ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়তে বিশ্বাস করে।
তিনি বলেন, জিয়াউর রহমানের ১৯ দফার দ্বিতীয় দফায় ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সব নাগরিকের অধিকার সংরক্ষণের মাধ্যমে জাতীয় ঐক্য সুদৃঢ় করার কথা বলা হয়েছে। তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার দ্বিতীয় দফায়ও ‘রেইনবো নেশন’ বা সম্প্রীতিমূলক জাতিসত্তার কথা উল্লেখ রয়েছে।
হাবিবুর রশীদ হাবিব বলেন, ধর্মীয় সম্প্রীতি কেবল স্লোগান নয়। দেশের প্রতিটি মানুষের মর্যাদা, নিরাপত্তা, সাংবিধানিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা দায়িত্ব। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এবং রাষ্ট্রের কাছ থেকে সমান অধিকার ও মর্যাদা পাবেন—এটাই তাদের অঙ্গীকার।
দুর্গাপূজা উপলক্ষে সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ বছর পূজার ছুটি এক দিন বাড়িয়ে তিন দিন নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি ভোগ করছেন দেশবাসী। পাশাপাশি পূজামণ্ডপে সরকারি অনুদান বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করেছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী পবন দাস। সঞ্চালনা করেন গুরুদাস। বিশেষ অতিথি ছিলেন বাবু যদু চন্দ্র দাস, পঞ্চায়েত সভাপতি বাবু ঠাকুর দাস এবং সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসসহ অন্যরা।