
ফেসবুকে পুরানো ছবি দিয়ে ক্ষোভ ঝাড়লেন নয়ন
মহানগর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ২০:৪৩

রবিউল ইসলাম নয়ন। ২০১৫ সালের ছবি।
২০১৫ সালের একটি ছবি প্রকাশ করে বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন বিএনপি ও দলটির নেতা-কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত ফল।
পোস্টে রবিউল ইসলাম নয়ন জানান, ছবিটি ২০১৫ সালের। ওই সময় বিএনপির আন্দোলনে সক্রিয় থাকার কারণে গ্রেফতার হয়েছিলেন তিনি।ৎ
তার অভিযোগ, গ্রেপ্তারের পর আওয়ামী লীগের ‘পেটোয়া বাহিনী’ তাকে নির্যাতন করে। হাত-পায়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাকে প্রায় বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল। ঠিকমতো ওষুধও দেওয়া হতো না বলে দাবি করেন তিনি।
পোস্টে বিএনপির আন্দোলনের সময়ে রাজপথে সক্রিয় না থাকা ব্যক্তিদের সমালোচনাও করেন এই যুবদল নেতা। তার অভিযোগ, সে সময় যারা আন্দোলন থেকে দূরে ছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলেছেন, তাদের কেউ কেউ এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে আন্দোলন-সংগ্রাম নিয়ে কথা বলছেন এবং ত্যাগী নেতা-কর্মীদের উপদেশ দিচ্ছেন।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের আগে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন—এমন অভিযোগ তুলে নতুন করে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়া কিছু ব্যক্তিরও সমালোচনা করেন নয়ন।
পোস্টে বিএনপির দীর্ঘ আন্দোলনকে ফসল উৎপাদনের সঙ্গে তুলনা করে তিনি লেখেন, বিএনপি ও দলটির নেতা-কর্মীরা মাঠ তৈরি করেছেন, চারা রোপণ করেছেন এবং সার, মাটি ও পানি দিয়ে ফসল উৎপাদন করেছেন। আর জুলাইয়ে সেই ফসল কেটে ঘরে তোলা হয়েছে।