
চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ভবনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
তৃণমূলের অসহায়-দুস্থ মানুষের কাছে চিকিৎসা সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ভবনে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্তদের মধ্যে চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, জটিল রোগে আক্রান্ত আরও কেউ যদি চিকিৎসা সহায়তার বাইরে থাকেন, তারা আবেদন করলে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রতি অঙ্গীকার রয়েছে। জনগণের কল্যাণে কাজ করছি। ভবিষ্যতেও কাজ করে যাব।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সহযোগিতার পরিধি বাড়ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি এলাকার উন্নয়নেও কাজ চলছে।
তৃণমূলের মানুষের কাছে কীভাবে সহযোগিতা পৌঁছে দেওয়া যায়, সে অনুযায়ী সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে, যোগ করেন প্রতিমন্ত্রী টুকু।
তিনি আরও বলেন, উন্নয়ন ও আর্থিক সহায়তার পরিমাণ বাড়ছে। গত দুর্গাপূজাতেও প্রধানমন্ত্রী বেশি পরিমাণে অনুদান দিয়েছেন। ভবিষ্যতে এসব সহায়তার পরিমাণ আরও বাড়বে। জনগণের পাশে সরকার সব সময় আছে এবং থাকবে।
সহায়তা বিতরণ শেষে জনসাধারণের সেবা নিশ্চিত এবং সরকারি কার্যক্রম আরও সহজলভ্য করতে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর 'পরিদর্শন কক্ষ' উদ্বোধন করা হয়।