
চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল। ছবি: সময় সংবাদ
জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন করা হয়েছে রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট। এখান থেকে উৎপাদিত বিদ্যুতে কার্যালয়ের নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদিন নানা কাজে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি এই গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে তিনটি ব্লকে সারিবদ্ধভাবে বসানো হয়েছে ২৪০টি সোলার প্যানেল।
সূর্যের আলো কাজে লাগিয়ে এসব প্যানেল থেকে উৎপাদন হচ্ছে ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ। এই বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের দৈনন্দিন কাজে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি সরকারের বিদ্যুৎ ব্যয়ও সাশ্রয় হচ্ছে।
শুধু তা-ই নয়, ছুটির দিনে সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের অতিরিক্ত অংশ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এতে বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরতা কমেছে জেলা প্রশাসকের কার্যালয়ের। পাশাপাশি কমেছে বিদ্যুৎ বিলও।
জেলা প্রশাসন সংশ্লিষ্টরা জানান, নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেসকোর কাছে বিক্রি করা হচ্ছে। এতে জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এক মাসেই বিল সাশ্রয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, রুফটপ সোলার প্যানেল স্থাপনের পর থেকে কার্যালয়ের নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে। জেলাজুড়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অন্যান্য সরকারি ভবনের ছাদেও এ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
তিনি জানান, এরই মধ্যে জেলার সাতটি পৌরসভায় রুফটপ সোলার প্যানেল স্থাপনের জন্য প্রতিটিতে ৩০ লাখ টাকা করে এবং উপজেলাগুলোতে ২০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এতে জেলার বাড়তি বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি বরাদ্দের ৭১ লাখ টাকা ব্যয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে।