
ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে কিশোরীকে যৌন হয়রানির মামলায় দণ্ডপ্রাপ্ত ইসমাইল মোল্যাকে কারাগারে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ
ফরিদপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির মামলায় ইসমাইল মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ইসমাইল মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ১৩ বছর বয়সী ওই কিশোরীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন প্রতিবেশী ইসমাইল মোল্যা। কিশোরী এতে রাজি না হওয়ায় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর বাড়ির পাশের পুকুরে পানি আনতে গেলে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিজের দোকানের পেছনে নিয়ে যৌন হয়রানি করেন ইসমাইল। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করলে ইসমাইল পালিয়ে যান।
এ ঘটনায় পরদিন কিশোরীর বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘কিশোরীকে যৌন হয়রানির মামলায় আসামি ইসমাইল মোল্যাকে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ের মধ্য দিয়ে সমাজে এ ধরনের অপরাধ কমে আসবে বলে আশা করি।’