
খুলনা-সাতক্ষীরা মহাসড়কএকই স্থানে পৃথক দুর্ঘটনায় ৫ প্রাণহানি
প্রতিবেদক, যশোর
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৮:২৮

যশোর সদর উপজেলার আরবপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সময় সংবাদ
সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, মানুষের পরিচয় জাত-পাত বা ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে হওয়া উচিত।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে যশোর সদর উপজেলার আরবপুর এলাকায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি মানুষকে ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে সম্মান ও মূল্যায়ন করতে শেখায়। তাই মসজিদের পাশাপাশি মন্দিরের উন্নয়ন এবং কবরস্থানের মতো শ্মশানঘাটের সংস্কার করাও বর্তমান সরকারের অন্যতম নাগরিক দায়িত্ব।
যশোরের উন্নয়নচিত্র তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি বক্ষব্যাধি হাসপাতালের (করোনারি কেয়ার ইউনিট) উন্নয়ন কাজ শিগগিরই শেষ হবে। এর ফলে স্থানীয় বাসিন্দারা নিজ জেলাতেই মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। এ ছাড়া স্থানীয় স্টেডিয়ামের উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা সুইমিং পুলটি সংস্কারের মাধ্যমে আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে দূরে রাখতে এবং খেলাধুলা ও গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বক্তব্যে তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং যশোরকে সুন্দর ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।