
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৮:৩৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ফাইল ছবি
শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবনী ধারণা ও বাস্তব সমস্যার সমাধানে সরকার অর্থায়ন করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে মূলধারার শিক্ষাব্যবস্থার বাইরে থাকা এবং অনানুষ্ঠানিক অর্থনীতিতে যুক্ত ব্যক্তিদের ভালো উদ্যোগেও প্রাথমিক অর্থায়ন বা সিড ফান্ডিং দেয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে লেভেল প্লেয়িং ফিল্ড ও অংশগ্রহণমূলক অর্থনীতি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে মাহদী আমিন বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা এবং বৃত্তির সুযোগ কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই লাভবান হবে বলে মন্তব্য করেন মাহদী আমিন।
আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করতে বর্তমান সরকার কাজ করবে বলেও জানান তিনি।
মাহদী আমিন বলেন, সামনের দিনগুলোতে শিক্ষার্থী কিংবা শিক্ষকদের ভালো আইডিয়া ও গবেষণায় আমরা অর্থায়ন করতে চাই। যারা মূলধারার শিক্ষাব্যবস্থায় নেই, অনানুষ্ঠানিক অর্থনীতিতে রয়েছেন, তাদেরও ভালো আইডিয়া থাকলে প্রয়োজন অনুযায়ী সিড ফান্ডিং দিতে চাই।
দেশে মেধার অভাব নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের অনেক প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা বিদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। মূল চ্যালেঞ্জ হলো, তাদের মেধা বিকাশ ও কাজে লাগানোর জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা।