
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের মারধরে জহুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকরা গ্রামে এ ঘটনা ঘটে। জহুরুল ইসলাম একই গ্রামের মৃত মমতাজুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, জহুরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী জিহাদ আকন্দ ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে জিহাদ আকন্দ তার লোকজন নিয়ে ওই বিরোধপূর্ণ জমিতে বাড়ির সীমানা প্রাচীর দিতে যান। এ সময় জহুরুল ইসলাম বাধা দিলে জিহাদের সঙ্গে তার তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে জহুরুল ইসলামকে কিলঘুষি, লাথি ও মারধর করে মাটিতে ফেলে দেয় প্রতিপক্ষের লোকজন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।