
প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী
কামরুজ্জামান মামুন
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৯:১২

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় জাদুঘরে ড. অরূপরতন চক্রবর্তীর ‘জয় মা দুর্গা’ শীর্ষক একক গানের অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে বক্তৃতা করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সামাজিক সম্প্রীতির দিক থেকে বাংলাদেশ বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, ‘বাংলাদেশের মতো সামাজিক সম্প্রীতি পৃথিবীর বহু দেশে নেই। আমার মনে হয় না এখানে হিন্দু ও মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আছে।’
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের ফয়জুল লতিফ চৌধুরী মিলনায়তনে ড. অরূপরতন চক্রবর্তীর ‘জয় মা দুর্গা’ শীর্ষক একক গানের অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নিজের ধর্মীয় ও সামাজিক উদারতার কথা তুলে ধরে বলেন, ‘আমি এখানে কোনো মন্ত্রী হিসেবে আসিনি, এসেছি একজন অনুরাগী ও ভক্ত হিসেবে। আমি এবং আমার পুরো পরিবার অরূপরতনের ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।’
সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকার অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বী মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মুক্তিযুদ্ধের দিনগুলোতে আমরা একই প্লেটে হিন্দু-মুসলমান একসঙ্গে ভাত খেয়েছি। সেই অসাম্প্রদায়িক চেতনা আমাদের মূল শক্তি।’
সমাজ গঠনে সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘মানুষে মানুষে যতক্ষণ পর্যন্ত সামাজিক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় না থাকে, ততক্ষণ একটি সমাজ কখনও পরিপূর্ণতা পায় না। আমাদের মূল স্বপ্ন হলো– ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর দেশ রেখে যাওয়া।’
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের দুর্গোৎসব ঘিরে সারা দেশে ব্যাপক আনন্দ-উদ্দীপনা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় এবার ৭৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গতবারের তুলনায় ৭টি বেশি। উৎসব নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের পূজা অনেক বেশি উৎসবমুখর হবে।’