
সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
সিকদার সজল, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ২৩:৫১

সড়ক দুর্ঘটনায় নিহত তিন তরুণ। ফাইল ছবি
সড়ক দুর্ঘটনা রোধ ও মানুষের বিপদে যারা সব সময় ঝাঁপিয়ে পড়তেন, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় অকালেই প্রাণ হারালেন সেই তিন তরুণ স্বেচ্ছাসেবী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি সেতুসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভলান্টিয়ার অব বাংলাদেশের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মাগুরা বুজরুক শ্রীকুন্ডি মহাবিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রাব্বি মোল্যা (১৯), সদস্য ও মাগুরা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ আরিক (২২) এবং আরেক সদস্য একই কলেজের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তামান্না তাবাসসুম ঐশী (২৫)। তাঁরা সকলেই মাগুরা পৌর সদর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন স্বেচ্ছাসেবী—সাগর, রিয়া ও জয় এবং অ্যাম্বুলেন্সের চালক। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে জয়ের অবস্থা আশঙ্কাজনক।
সংগঠনটির ফরিদপুর শাখা সূত্রে জানা যায়, ‘জাগো ফাউন্ডেশন’ পরিচালিত ‘সমতা তারুণ্যের’ প্রকল্পের উদ্যোগে শুক্রবার সকালে ফরিদপুরে ‘ডিজিটাল লিটারেসি ও সাইবার বুলিং’ বিষয়ক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ওই প্রশিক্ষণ শেষে দুপুরে জুমার নামাজ পড়ে মাগুরায় ফেরার জন্য একটি ফাঁকা অ্যাম্বুলেন্স ভাড়া করেছিলেন তাঁরা। আড়কান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘কিং ফিশার’ পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে তরুণ স্বেচ্ছাসেবীদের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না তাদের সহকর্মীরা। নিহত রাব্বি মোল্যার নিরাপদ সড়ক আন্দোলনের একটি ছবি শেয়ার করে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সুমাইয়া সাফাত ফেসবুকে লেখেন, ‘যারা সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য যুদ্ধ করল, আজ তাদেরই জীবন দিতে হচ্ছে!’
প্রশিক্ষণে অংশ নেওয়া ফরিদপুর শাখার সদস্য তুষার মোহাম্মদ আব্দুল্লাহ আক্ষেপ করে বলেন, ‘সকাল থেকে একসঙ্গে প্রশিক্ষণ নিলাম, দুপুরে নামাজ শেষে ওদের বিদায় দিলাম। কে জানত—এ বিদায়ই হবে শেষ বিদায়।’
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।