
আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতায় সমঝোতা
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ২২:৩৭

চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সময় সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘যেই বাংলাদেশের জন্য ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে বিভিন্ন সময়ে অকাতরে আমরা বুকের রক্ত ঢেলে দিয়েছি, আসুন সেই বাংলাদেশ গড়ে তুলি। প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের সবার সহযোগিতা আমার চাই। আপনাদের সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব না।’
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হই না কেন, এই দেশ আমাদের সবার। যেহেতু আমরা এই দেশে জন্মেছি, আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। আমি যেহেতু মুসলিম, এই দেশে আমি সংখ্যাগুরু, কিন্তু রাজনৈতিক কারণে দীর্ঘ ১৭ বছর আমাকে লন্ডনে থাকতে হয়েছে। সেখানে কিন্তু আমি সংখ্যালঘু ছিলাম। কারণ, সেখানে অন্য ধর্মের মানুষ বেশি। সুতরাং সংখ্যালঘু বা সংখ্যাগুরু কোনো বিষয় নয়। বিষয় একটাই, আমরা সবাই বাংলাদেশি।’
তিনি বলেন, ‘এই দেশের আইন আমার জন্য যেমন প্রযোজ্য, আপনার জন্যও তেমন প্রযোজ্য। এই দেশে আমার যতটা অধিকার আছে, আপনাদেরও তেমনটাই আছে।’
এর আগে, রাত সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রী জেএম সেন হল পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অর্পণ কান্তি ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল দাস, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমানসহ অন্যান্য নেতা। পরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন সরকারপ্রধান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ।
এর আগে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি।