
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
প্রতিবেদক, লালমনিরহাট
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭

লালমনিরহাটে হত্যা মামলার আসামি মো. আতিকুল ইসলামকে আদালতে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ
লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে মো. আতিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নিহত মিতু আক্তার লালমনিরহাট সদরের গোকুন্ডা দাড়ারপাড় মুন্সিটারী এলাকার বাসিন্দা ছিলেন। দণ্ডপ্রাপ্ত আতিকুল ইসলাম একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে আতিকুলের সঙ্গে মিতু আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে ৫ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে মিতুর ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন আতিকুল।
গত ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জেরে মিতুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আতিকুল। ঘটনার রাতে তিনি কাজের উদ্দেশে পাবনা চলে যেতে চাইলে মিতু তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আতিকুল প্রথমে তার মাথা ও মুখে উপর্যুপরি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে ঘরের উঠানে থাকা একটি শক্ত প্লাস্টিকের পাইপ দিয়ে মিতুর শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করেন।
এই পাশবিক নির্যাতনে ঘটনাস্থলেই মিতু আক্তারের মৃত্যু হয়। এরপর রাতেই পালিয়ে যান আতিকুল। পরদিন ২১ সেপ্টেম্বর সকালে নিহতের ৫ মাসের সন্তান আতিকা আক্তারের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। ঘরের ভেতর বিছানায় মিতুর নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
পরে নিহতের বাবা মো. ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের ৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও মামলার নথি নিবিড়ভাবে পর্যালোচনা শেষে আদালত আজ এই চূড়ান্ত রায় দেন।
রায়ের পর সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের (এপিপি) অ্যাডভোকেট সামসুল আলম মিলন বলেন, ‘আদালত সব সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এ রায়ের মাধ্যমে সমাজে একটি কঠোর বার্তা পৌঁছে যাবে, যে নারী নির্যাতন ও নৃশংসতার স্থান নেই।’
তিনি আরও জানান, ‘ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে রায়ের বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি উচ্চ আদালতে আপিল করার আইনি সুযোগ পাবেন।’
এদিকে আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবারও।