
রবীন্দ্রনাথের ছবি অবমাননার পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
প্রতিবেদক, পিরোজপুর
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০

উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক। ছবি: সংগৃহীত
পিরোজপুরের নাজিরপুরে অবৈধভাবে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) জরিমানা করার জের ধরে দায়িত্ব পালনকারী এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজার এলাকায় এ হামলার শিকার হন বিপুল কুমার মল্লিক (৪৬) নামে এক কর্মকর্তা।
এ ঘটনায় অভিযুক্ত অসাধু সার ব্যবসায়ী মো. বাবুল মোল্লার (৫৫) বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিরজান বাজারে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার বিক্রির অভিযোগে মঙ্গলবার বিকেলে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিবের যৌথ নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দায়িত্ব পালন করছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক। তল্লাশি চালিয়ে বাবুল মোল্লার দোকান থেকে সাড়ে ১১ বস্তা বিভিন্ন জাতের অবৈধ সার জব্দ করা হয় এবং সহকারী কমিশনার (ভূমি) তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার চলে গেলে বিকেলে বিপুল কুমার মল্লিক বাজারে কেনাকাটা করতে যান। এ সময় বাবুল মোল্লা তাঁর পথরোধ করে মোবাইল কোর্টে সহযোগিতা করার অজুহাতে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা জানান, লাইসেন্সহীন সার বিক্রির অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও সার জব্দ করার পর আমরা ঘটনাস্থল ত্যাগ করলে বাবুল মোল্লা আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।