
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৯:২২

ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যালয়। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তবে বিষয়টি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এ ধরনের চিঠি দেয়ার এখতিয়ার উপজেলা প্রশাসনের আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
ভালুকা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়। গেল রোববার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটির সভাপতিদের এ চিঠি দেন ভালুকার ইউএনও মো. ফিরোজ হোসেন।
চিঠিতে বলা হয়, এ বছরের এসএসসি বা সমমানের পরীক্ষায় আপনার প্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে। শিক্ষার মান উন্নয়নে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভার সিদ্ধান্ত মোতাবেক আপনার প্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় ভালুকায় গড় পাসের হার ৬০ দশমিক ৭৮ শতাংশ। কিন্তু উপজেলার শহীদ কুতুব উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে ৩৭ জন পরীক্ষা দিয়ে ৯ জন পাস করেছে, যেখানে পাসের হার ২৪ শতাংশ। পাঁচগাঁও সানরাইজ উচ্চবিদ্যালয় থেকে ৩৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯ জন, পাসের হার ২৩ শতাংশ। এছাড়া মোস্তফা মতিন উচ্চবিদ্যালয় থেকে ২০ জন পরীক্ষা দিয়ে ৫ জন পাস করায় পাসের হার দাঁড়িয়েছে ২৫ শতাংশে।
ভালুকায় এ বছর দাখিল পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে উপজেলার ধামশুর নুরানী দাখিল মাদ্রাসা থেকে ৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬ জন, পাসের হার ১৬ দশমিক ২২ শতাংশ। রাজৈ স্বজনগাঁও দাখিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষা দিয়ে ৫ জন পাস করেছে, পাসের হার ২৫ শতাংশ। মেদুয়ারী দাখিল মাদ্রাসা থেকে ২৭ জন পরীক্ষা দিয়ে ৪ জন পাস করায় পাসের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৮১ শতাংশে।
প্রাসঙ্গিক:
এছাড়া ভালুকায় কারিগরি বোর্ডের অধীন সাতটি প্রতিষ্ঠানের এসএসসিতে এ বছর পাসের হার ৭৭ দশমিক ৬৯ শতাংশ। তবে এর মধ্যে বাটাজোড় বিএম উচ্চবিদ্যালয় থেকে ২৭ জন পরীক্ষা দিয়ে ৭ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ২৫ দশমিক ৯২ শতাংশ।
মোস্তফা মতিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। আগের বছরগুলোতে তাদের ফলাফল ভালো ছিল, এমনকি শতভাগ শিক্ষার্থীও পাস করেছে। এবার শিক্ষার্থীদের দুর্বলতাই খারাপ ফল হওয়ার প্রধান কারণ।’
শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত-সংক্রান্ত চিঠির বিষয়ে ওবায়দুর রহমান বলেন, এ ধরনের সিদ্ধান্ত তারা প্রত্যাশা করেননি। বেতন-ভাতা বন্ধ করার এখতিয়ার উপজেলা প্রশাসনের আছে কি না, তা নিয়েও তার প্রশ্ন রয়েছে। এ ধরনের ব্যবস্থা নেয়ার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদফতরের। উপজেলা প্রশাসন কী বিধি অনুসরণ করে এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তার বোধগম্য নয়।
মেদুয়ারী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মো. আবদুল ওয়াহাব বলেন, ‘গেল বছর আমাদের ৮০ শতাংশের বেশি পাসের হার ছিল। এবার কীভাবে কী হলো বুঝতে পারছি না। আমাদের প্রতিষ্ঠানে ১৫ জন শিক্ষক রয়েছেন। তাদের বেতন-ভাতা স্থগিতে উপজেলা প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক হয়নি, আলোচনা করে নিলে ভালো হতো।’
এ বিষয়ে জানতে চাইলে ভালুকার ইউএনও মো. ফিরোজ হোসেন বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্য শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন। এর অংশ হিসেবে ৩০ শতাংশের কম পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিও বাতিলের প্রস্তাবও তিনি সভায় উপস্থাপন করেন। তবে এমপিও বাতিল করা হলে প্রতিষ্ঠানগুলো পুনরায় এমপিওভুক্ত হতে জটিলতায় পড়তে পারে- এ বিবেচনায় আপাতত এমপিও বাতিল না করে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটি বা উপজেলা প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, এটি শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের কোনো নির্দেশনা নয়। এটা এখতিয়ারের চেয়ে সম্মিলিত সিদ্ধান্তের বিষয়। কমিটির সম্মিলিত সিদ্ধান্তে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
তবে বেতন-ভাতা বন্ধ করে শিক্ষার মান বাড়ানো যাবে কি না, সে প্রশ্নও উঠেছে। কারণ, শিক্ষকরা বেতন না পেলে তাদের কাজের প্রতি অনীহা তৈরি হতে পারে। তাই প্রতিষ্ঠানগুলোকে মান উন্নয়নের সুযোগ দিয়ে জবাবদিহির মধ্যে আনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, শুধু ৩০ শতাংশের কম পাস করা প্রতিষ্ঠান নয়, শিক্ষা বোর্ডের গড় ফলাফলের চেয়ে পিছিয়ে থাকা ভালুকার সব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে চান তিনি। বেতন-ভাতা স্থগিতের মতো কঠোর পদক্ষেপ না নিয়ে প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার মানোন্নয়নে বাধ্য করার বিকল্প ব্যবস্থা নিতে তিনি সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করবেন।