
চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কথা বলছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, আজকের পৃথিবীতে 'জোর যার মুল্লুক তার' এই নীতিটি দিন দিন বাস্তবে পরিণত হচ্ছে।
তিনি বলেন, পৃথিবীর দিকে তাকালেই এর উদাহরণ দেখা যায়। শালীনতার খাতিরে নির্দিষ্ট কোনো দেশের নাম বলতে চাই না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত মানবতা-মানবাধিকার।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আইন বিভাগ আয়োজিত 'সামসময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন' শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায়; এমন পণ্য বা সম্পদ হলো মানুষের জীবন। এই মতের ওপর আমি অটল। এর অসংখ্য উদাহরণ রয়েছে।
তিনি বলেন, ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো নতুন উদ্বেগ সৃষ্টি করছে। এমন একটি জটিল বৈশ্বিক পরিস্থিতিতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, মানবতা ও আইনের মধ্যকার সম্পর্ক নতুন করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
সার্বভৌমত্ব আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক নীতি। তবে সার্বভৌমত্বের পাশাপাশি মানবিক মর্যাদা রক্ষা, মৌলিক অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সম্মিলিত দায়িত্বও যথাযথভাবে পালন করতে হবে, যোগ করেন প্রধান বিচারপতি।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। সম্মেলনে দেশ ও বিদেশের গবেষক এবং শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।